ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে মাত্র ৬৮ বলে ১৮১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন দিল্লির ওপেনার প্রিয়াংশু আর্য। ইন্দোরের দালি কলেজ মাঠে ১৯টি ছক্কার এই ইনিংসে ক্রিস গেইলকে পেছনে ফেলে ছেলেদের স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হলেন তিনি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৬.১৭ স্ট্রাইক রেটে এই ইনিংস সাজান ২৫ বছর বয়সী প্রিয়াংশু। ইনিংসে চার ছিল মাত্র ৭টি, বাকিটা এসেছে ছক্কায়; শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান। পাওয়ারপ্লেতেই তিনি মেরেছেন ৮টি ছক্কা। ১৮ বলে ফিফটি করার পর ৩৬ বলে ক্যারিয়ারের তৃতীয় টি–টুয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, আর পরের ২৪ বলে পৌঁছে যান ১৫০ রানে।
তামিলনাড়ুর বোলার মনিমরন সিদ্ধার্থকে পরপর দুই বলে চার ও ছক্কা মেরে গেইলের ১৭৫* রানের ইনিংস পেরিয়ে যান প্রিয়াংশু। প্রায় ১৩ বছর ধরে গেইলের ইনিংসটিই ছিল টি–টুয়েন্টির সর্বোচ্চ, যা গত মাসে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস। গত ২ অক্টোবর সিএসএ টি–টুয়েন্টি চ্যালেঞ্জে নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি। বিশ্ব রেকর্ড না হলেও ২০২১ সালে কিরণ নবগিরের ৭৬ বলে ১৬২ রানের রেকর্ড ভেঙে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি–টুয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন প্রিয়াংশুই। ছক্কার সংখ্যায় ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ডও ছুঁয়েছেন তিনি; গত বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ১৫১ রানের ইনিংসে অ্যালেনও মেরেছিলেন ১৯টি ছক্কা।
প্রিয়াংশুর ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি, যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে চলতি বছর আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে এক ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেও আলোচনায় এসেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
