ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই সুপারিশ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
কমিটির রেজ্যুলেশন অনুযায়ী, সভায় বিষয়টি তোলেন কমিটির সভাপতি, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তাঁর বক্তব্য, নিজ জেলা থেকে দূরে বদলি হওয়ায় অনেক নারী শিক্ষক পারিবারিক সংকটে পড়েছেন। কারও সংসার ভেঙেছে, কেউ বিবাহবিচ্ছেদের মুখে পড়েছেন, আবার কেউ বাধ্য হয়ে চাকরিই ছেড়ে দিয়েছেন। তাই জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব একটি বদলি নীতি তৈরির ওপর জোর দেন তিনি।
সভাপতির আলোচনার পর বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলি এনটিআরসিএর আওতার মধ্যে পড়ে না; এটি দেখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মন্ত্রণালয়ে বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অধিদপ্তর থেকে সফটওয়্যারের মাধ্যমে নীতিমালা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বদলি-সংক্রান্ত একটি সফটওয়্যার ইতোমধ্যে তৈরিও করা হয়েছে বলে জানান তিনি।
