ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সোনার দাম। মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সোমবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছিল। ফলে দুই দিনে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ বিশ্ববাজারে সোনার দাম বাড়া। এই দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। রুপার দাম আজ অপরিবর্তিত আছে।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, যা বাড়ার আগে ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এর আগে টানা ৯ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছিল। এর ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে; সেদিন দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এখন দুই দিনের বৃদ্ধিতে দাম আবার ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
