ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন জেলা-উপজেলা কার্যালয়ে দৈনিক মজুরিতে কাজ করা অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই তিন শ্রেণির কর্মীর দৈনিক মজুরি সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে অর্থ বিভাগের সচিবের সম্মতি চেয়ে গত ১০ নভেম্বর একটি চিঠি পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ। বিচার শাখা-৬ থেকে জারি করা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক ৫৭৬ জন অফিস সহায়ক, ৩১৫ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬৯ জন নিরাপত্তাকর্মী কাজ করছেন।
চিঠি অনুযায়ী, বর্তমানে অফিস সহায়কেরা দৈনিক মাত্র ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান। দীর্ঘদিন ধরে এত সামান্য মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় নিয়েই মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
চিঠিতে প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে দৈনিক মজুরিভিত্তিক এসব কর্মচারীর মজুরি বাড়ানোর পথ তৈরি হবে। তবে চিঠিতে উল্লেখ করা নতুন মজুরির হার এখনো প্রস্তাব পর্যায়েই রয়েছে; অর্থ বিভাগের সম্মতির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর হবে।
