ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বড়শি ফেলে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন জেলে মো. হাসান। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহপরীর দ্বীপ বাজারে মাছটি ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।
সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা ৪০ বছর বয়সী হাসান জানান, সকাল সাতটার দিকে তিনি ছোট একটি ডিঙিনৌকা নিয়ে নদীতে যান। আটটার দিকে জেটিঘাটের কাছে বড়শি ফেলার কিছুক্ষণ পরই শক্ত টান অনুভব করেন। রশি টেনে বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় মাছটি নৌকায় তুলতে সক্ষম হন তিনি। পরে ওজন করে দেখা যায়, মাছটি ১৫ কেজির।
বিকেলে মাছটি বাজারে তুললে ক্রেতাদের ভিড় জমে যায়। শুরুতে দাম হাঁকা হয়েছিল ২৫ হাজার টাকা। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী আতা উল্লাহ ১৯ হাজার ৫০০ টাকায় সেটি কিনে নেন, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ৩০০ টাকা। ওই ব্যবসায়ী পরে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন।
স্থানীয় বাজারে সাধারণত পাঁচ থেকে আট কেজি ওজনের কোরাল প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়, যার বেশির ভাগই ঘেরে চাষ করা। তবে নাফ নদীর কোরালের স্বাদ বেশি বলে এর কদরও আলাদা। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, নাফ নদীর কোরাল বেশ সুস্বাদু, শীত মৌসুমে বড় কোরালের চাহিদাও বেশি থাকে। মাঝেমধ্যে বড়শিতে বড় আকারের কোরাল ধরা পড়ে।
