ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
অনলাইনে পরিচয়ের সূত্র ধরে প্রেম, আর সেই টানে সুদূর চীন থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি গ্রামে হাজির হয়েছিলেন ৩৫ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার পরিবারের আপত্তিতে বিয়ে আর হয়নি, শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে পুলিশের সহযোগিতায় তাঁকে ওই বাড়ি ছাড়তে হয়।
প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ওই যুবকের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমিকার সঙ্গে দেখা করে তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গত ১৯ নভেম্বর তিনি বাংলাদেশে আসেন। ঢাকার একটি আবাসিক হোটেলে কয়েক দিন থাকার পর শুক্রবার দুপুরে সরাসরি চলে যান তরুণীর গ্রামের বাড়িতে। চীন থেকে অতিথি আসার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একনজর দেখতে বাড়িটিতে ভিড় জমান উৎসুক মানুষ।
তরুণী জানিয়েছেন, তিনি ওই যুবককে বিয়ে করে চীনে যেতে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর মা-বাবা ও স্থানীয় লোকজন এতে সম্মতি দেননি। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও তাঁদের মত বদলানো যায়নি। তরুণীর বাবা বলেছেন, তাঁরা দরিদ্র মানুষ, মেয়ের সঙ্গে যুবকের পরিচয় কেবল মোবাইল ফোনে। যুবক নিজের পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে বিয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, যুবকের কাছে এক মাসের ভ্রমণ ভিসা থাকলেও বিয়ের জন্য প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র ছিল না। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিদেশি নাগরিকের নিরাপত্তার কথা ভেবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের সম্মতি না থাকায় রাতেই তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান।
