রাজধানীর মহাখালী এলাকায় একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের ভবনটিতে আগুন লাগে।
আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত আগুনে কেউ আহত হয়েছেন বা ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন—এমন কোনো খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।



