ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। টানা ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময় শুধু মাছ ধরাই নয়, ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের গুরুত্বপূর্ণ প্রজনন এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে। জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নৌযান ও অন্যান্য লজিস্টিক সহায়তাও দেওয়া হবে।

এ সময় নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধেও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। পাশাপাশি অবৈধভাবে ধরা ইলিশ যাতে বাজারে বিক্রি করা না যায়, সে জন্য বরফকল, মাছের আড়ত ও বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর মোহনাসহ গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র থেকে নিষিদ্ধ জাল অপসারণেও অভিযান চালানো হবে।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ সময়ে মাছ ধরা কিংবা বাজারজাত করার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে এই নিষেধাজ্ঞায় জেলেদের জীবিকা যেন বড় ধরনের সংকটে না পড়ে, সে জন্য ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের ভিজিএফের আওতায় খাদ্যসহায়তা দেবে সরকার। এই সহায়তা প্রকৃত জেলেদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও তদারকি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। কোথায় দুর্বলতা রয়েছে এবং কোন কার্যক্রমে ঘাটতি আছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। সরকারের পাশাপাশি জেলে প্রতিনিধিদেরও নিষিদ্ধ জাল ব্যবহার না করতে জেলেদের সচেতন করার আহ্বান জানান তিনি।

জাতীয় মাছ এবং বাংলাদেশের জিআই পণ্য ইলিশের উৎপাদন বাড়াতে আগামী দিনে আরও সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশজুড়ে ইলিশ আহরণ ও বেচাকেনায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version