রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপ) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে একদল লোক হঠাৎ করেই তার বাসার সামনে জড়ো হয়ে এই তাণ্ডব চালায়।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সকালের দিকে একদল বিক্ষুব্ধ লোক মিছিল নিয়ে জি এম কাদেরের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে মূল ফটক বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি।
ঘটনার পর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। হঠাৎ করে কেন এবং কারা এই হামলার ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি জাতীয় পার্টির চেয়ারম্যান।


