মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ও সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের পরিস্থিতি ও দলীয় অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কড়া ট্রোল করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে চরম বিপাকে পড়েছেন বিএনপির অ্যাক্টিভিস্টরা। তিনি লেখেন, “গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেল পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।”
একই সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের দলীয় সহকর্মীদের ভূমিকাকে ইঙ্গিত করে এনসিপি নেতা লিখেছেন, এই টানাপোড়েন ও জল্পনা-কল্পনার সুযোগে ইশরাক হোসেন তাঁর দলের ভেতরের সেসব সঙ্গীদের চিনে নেওয়ার সুযোগ পেয়েছেন, যারা পদত্যাগের খবরে আনন্দিত ও উল্লাসিত হয়েছিলেন।
পোস্টের শেষভাগে হাসনাত আবদুল্লাহ রসিকতার ছলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পরামর্শ দিয়ে লেখেন, এখন তাঁর উচিত হবে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা। পাশাপাশি, ইশরাকের পদত্যাগের ভুয়া খবর বা ‘মিডিয়া ক্যু’র পেছনে পার্থের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখারও তাগিদ দেন তিনি।


