মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন। পোস্টে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাস করতে দেখেছেন তিনি; ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা বিদেশ থেকে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে পদত্যাগ করলেও কোনো পদ ছাড়াই দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ উদ্দীপনা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসন ঢাকা-৬-এর গেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একটি মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে তাঁর ও সঙ্গীদের অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরদিন রোববার রাতে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর রটে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। যদিও প্রথমে এই খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন ইশরাক, তবে শেষ পর্যন্ত আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে নিজ পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন এই প্রতিমন্ত্রী।

