রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আলোচনার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে নিজের সব পোস্ট, প্রোফাইল ছবি এবং হাইলাইটস মুছে দিয়ে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন এই উইঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন পদক্ষেপকে ঘিরে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।
৬ কোটি ৩৯ লাখের বেশি অনুসারী থাকা ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন আর কোনো পোস্ট, প্রোফাইল ছবি কিংবা স্টোরি হাইলাইটস নেই। ঠিক কী কারণে তিনি পুরো অ্যাকাউন্ট খালি করেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। ফলে বিষয়টি তাঁর ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনাকে আরও উসকে দিয়েছে।
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে গত তিন দিন ধরে নতুন প্রধান কোচ জোসে মরিনিওর অধীনে অনুশীলন করছেন ভিনিসিয়ুস। বিশ্বকাপ শেষে বের্নার্দো সিলভা ও ব্রাহিম দিয়াজের সঙ্গে দলের ক্যাম্পে যোগ দেন তিনি। অনুশীলন নিয়ে ক্লাবের সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ভিনিসিয়ুস জানান, নতুন কোচ ও নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ ভালোভাবেই এগোচ্ছে।
তিনি বলেন, অনুশীলন দারুণ হচ্ছে এবং সবাই কঠোর পরিশ্রম করছেন। মরিনিও তাঁকে আগের মতোই হাসিখুশি, আত্মবিশ্বাসী এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলতে উৎসাহ দিচ্ছেন বলেও জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে মাঠের ইতিবাচক পরিবেশের বিপরীতে চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধি প্রতিষ্ঠান রক নেশনের কর্মকর্তারা মাদ্রিদে রিয়াল মাদ্রিদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভিনিসিয়ুসের নতুন চুক্তির পাশাপাশি স্পোর্তিংয়ের ডিফেন্ডার ওসমান দিয়োমান্দের সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, খেলোয়াড়ের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন তাঁর এজেন্ট ফ্রেদেরিকো পেনা। অন্যদিকে রিয়ালের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেস এবং প্রধান স্কাউট হুনি কালাফাত। বৈঠকে কোনো পক্ষই পুরোপুরি নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে না পারলেও সমঝোতার একটি ভিত্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।
প্রায় এক বছর ধরে চলা এই আলোচনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই ভিনিসিয়ুসের ওপর নির্ভর করছে। রিয়াল মাদ্রিদ আগের প্রস্তাবের তুলনায় বেতন বাড়িয়েছে। তবে ক্লাবের নতুন প্রস্তাবও এখনো ভিনিসিয়ুসের সব শর্ত পূরণ করতে পারেনি। একই সঙ্গে রিয়াল স্পষ্ট করে দিয়েছে, এই প্রস্তাব দীর্ঘদিন খোলা থাকবে না। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই বিষয়টির নিষ্পত্তি করতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
বর্তমান চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ভিনিসিয়ুস। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। আলোচনায় অগ্রগতি না হলে দলবদলের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, কোচ মিকেল আরতেতা দীর্ঘদিন ধরেই ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহী। এমনকি আর্সেনালের ড্রেসিংরুমেও বিশ্বাস তৈরি হয়েছে যে, রিয়ালের সঙ্গে আলোচনা ভেঙে গেলে আগামী মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে সতীর্থ হিসেবে পাওয়া সম্ভব হতে পারে।
তবে ভিনিসিয়ুসকে দলে টানতে হলে প্রথম শর্ত হচ্ছে রিয়ালের সঙ্গে তাঁর চুক্তি নবায়ন ব্যর্থ হওয়া। কারণ বর্তমান অবস্থায় রিয়াল মাদ্রিদ এখনো তাঁকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিবেচনা করছে।
চুক্তি আলোচনার শুরুতে ভিনিসিয়ুস বছরে প্রায় ৩ কোটি ইউরো নেট বেতন দাবি করেছিলেন। পরে সেই দাবি কমিয়ে প্রায় ২ কোটি ইউরোতে নিয়ে আসেন। পাশাপাশি নবায়ন বোনাস, কিলিয়ান এমবাপ্পের মতো সাইনিং বোনাস এবং নিজের ইমেজ স্বত্বের অংশ আরও বাড়ানোর প্রস্তাবও দেন। বর্তমানে তাঁর ইমেজ রাইটসের অংশ ৫০ শতাংশের কিছু বেশি।
স্প্যানিশ রেডিও কাদেনা সারের তথ্য অনুযায়ী, রিয়ালের সর্বশেষ প্রস্তাবে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো পারিশ্রমিকের কথা বলা হয়েছে। যদিও এটি খেলোয়াড়ের প্রাথমিক দাবির চেয়ে কম, তবে বিভিন্ন পারফরম্যান্স বোনাস যুক্ত হওয়ায় দুই পক্ষ আগের তুলনায় অনেক কাছাকাছি অবস্থানে এসেছে বলে দাবি করেছে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম। সেই কারণে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি হওয়ার সম্ভাবনাও এখনো জোরালো বলে মনে করা হচ্ছে।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুসের কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছিল। গত বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের দুয়ো শোনার পর তিনি ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদের লোগোর পরিবর্তে ব্রাজিল জাতীয় দলের লোগো ব্যবহার করেছিলেন। পরে অবশ্য আবার আগের অবস্থায় ফিরে যান।
এবার ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট, প্রোফাইল ছবি এবং হাইলাইটস মুছে দেওয়ার ঘটনায় তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও ভিনিসিয়ুস বা তাঁর প্রতিনিধিরা এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবু রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা এবং আর্সেনালের আগ্রহ—দুই মিলিয়ে ব্রাজিলিয়ান এই তারকার পরবর্তী পদক্ষেপ এখন ইউরোপিয়ান ফুটবলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।



