মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মর্যাদাপূর্ণ ম্যারাথন সম্পন্ন করলেও এবারের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা ছিল ৬১ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি শিব শংকর পালের জন্য। কারণ, নিজের দীর্ঘদিনের আবাসস্থল জার্মানির মিউনিখ শহরেই তিনি সফলভাবে সম্পন্ন করেছেন এবারের ম্যারাথন। আর এই অর্জনের শুরু ও শেষে মিউনিখের রাজপথে সগৌরবে ওড়ালেন প্রিয় বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

গত রবিবার (১১ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই মিউনিখ ম্যারাথন। শহরটির সঙ্গে জড়িয়ে আছে শিব শংকর পালের দীর্ঘ দৌড়ের ইতিহাস। ২০০২ সাল থেকে এই মিউনিখের রাজপথেই তাঁর ম্যারাথনের পথচলা শুরু। বয়স ৬১ পেরোলেও দৌড়ের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘ইজি ম্যারাথন রানিং সিস্টেম’–এর মতো বিজ্ঞানসম্মত ও সহজ পদ্ধতি অবলম্বন করে তিনি নিজের গতি ও লক্ষ্যকে আরও শাণিত করেছেন। এর আগে সম্প্রতি তিনি বার্লিন ম্যারাথন এবং সুইজারল্যান্ডের জুংফ্রুয়ের পাহাড়ি পথও সফলভাবে জয় করেছেন।

রোববারের এই মিউনিখ ম্যারাথনে শিব শংকরসহ বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে প্রায় সাড়ে ২৬ হাজার ক্রীড়াবিদ অংশ নেন। নির্ধারিত ৪২ কিলোমিটার দীর্ঘ পথ তিনি মাত্র ৩ ঘণ্টা ৩২ মিনিটে অতিক্রম করেন। আর এই দুর্দান্ত টাইমিংয়ের সুবাদে নিজের বয়সশ্রেণিতে তিনি প্রতিযোগিতায় ১৭তম স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।

স্থানীয় সময় সকাল ৯টায় মিউনিখের অলিম্পিয়া পার্ক থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয় এই ম্যারাথন। ছুটির দিন, মনোরম মেঘলা আকাশ আর হাজারো মানুষের করতালিতে পুরো মিউনিখ শহর পরিণত হয়েছিল এক উৎসবমুখর জনপদে। পথের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ ক্রীড়াবিদদের অভিনন্দন জানান, পাশাপাশি ৩০টি মঞ্চে আয়োজিত মিউজিক কনসার্ট পুরো আসরে ভিন্ন মাত্রা যোগ করে। দৌড় শেষে অলিম্পিক স্টেডিয়াম প্রাঙ্গণে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে নিজের এই সাফল্য উদযাপন করেন শিব শংকর পাল।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version