মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে ব্যাট হাতে অনন্য এক ইতিহাস গড়লেন অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের বিরল ‘ডাবল’ স্পর্শ করার গৌরব অর্জন করেছেন তিনি।

দ্বিতীয় দিনে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ বিভাগ। স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই আগের দিনের সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম (১১৬), রিজান হোসেন (৪৪) ও আবু হায়দার রনি সাজঘরে ফিরে গেলে ২৩২ রানেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। সেখান থেকে অধিনায়ক রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শুভাগত হোম। অষ্টম উইকেটে দুজন যোগ করেন মহামূল্যবান ১২৮ রান।
ব্যক্তিগত ৭০ রানে পৌঁছানোর মাধ্যমে ৭ হাজার প্রথম শ্রেণির রানের মাইলফলকে পা রাখেন শুভাগত। ৭১ রান করে তিনি যখন আউট হন, ততক্ষণে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের অনন্য ডাবল নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। অধিনায়ক রাকিবুল খেলেন ৬১ রানের দায়িত্বশীল ইনিংস। শেষ পর্যন্ত ৩৮৭ রানে অলআউট হয় ময়মনসিংহ। ঢাকার পক্ষে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৪টি ও পেসার সুমন খান ৩টি উইকেট নেন। জবাবে দিনশেষে ৩ উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে ঢাকা; দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ নাঈম অপরাজিত আছেন ৬৪ রানে।
এদিকে চট্টগ্রামে অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে টানা তৃতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন রংপুরের ওপেনার মিম মোসাদ্দেক (৫৯) ও অধিনায়ক আকবর আলী (৭৪)। তবে তাদের এই ইনিংসের পরও প্রথম ইনিংসে ২০৬ রানেই গুটিয়ে যায় রংপুর। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া রংপুর দিনশেষে সিলেটের কাছে লিড হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান তুলে ৩ দিন শেষে ৭ রানে এগিয়ে রয়েছে সিলেট। বল হাতে সিলেটের অফ স্পিনার নাঈম আহমেদ ৩৩ রানে ৪ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন; নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version