জাতীয় সংসদে বাজেট আলোচনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমানে জুলাই থেকে জুন ভিত্তিক অর্থবছরের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী অর্থবছর নির্ধারণ করা উচিত।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অর্থবছর পরিবর্তনের প্রস্তাব
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান অর্থবছরের কাঠামোর কারণে অনেক ক্ষেত্রে শুধু কাগজে-কলমে প্রকল্প শেষ করার প্রবণতা দেখা যায়। এ কারণে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর চালুর বিষয়ে ভাবার আহ্বান জানান তিনি।
এ ছাড়া তিনি প্রস্তাব করেন, অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করা এবং প্রতি চার মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে পর্যালোচনা করা উচিত।
অর্থমন্ত্রীর প্রশংসা
বিরোধীদলীয় নেতা বলেন, অল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করা অর্থমন্ত্রীর জন্য সহজ ছিল না। এরপরও তিনি ও তাঁর টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বাজেটে যেসব সংশোধনের প্রস্তাব এসেছে, তার কিছু গ্রহণ করা হলে দেশের গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক পরিবর্তন আসতে পারত।
পাচার হওয়া অর্থ ফেরানোর আহ্বান
তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থের পুরোটা নয়, যদি এর এক-দশমাংশও দেশে ফেরানো সম্ভব হয়, তাহলে বাজেট ঘাটতি অনেকটাই কমে যাবে।
ব্যবসায়ীদের আস্থা ফেরানোর তাগিদ
রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি সংকটের সময়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়, তাহলে দেশের প্রয়োজনে তারা আরও বেশি কর দিতে আগ্রহী হবেন।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ ব্যবসায়ী সৎ। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে অনেককে অসৎ পথে যেতে বাধ্য করা হয়। তাই ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ওপর জোর
দেশের উচ্চশিক্ষা নিয়ে বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই গবেষণাকেন্দ্রিক হতে হবে। অন্যথায় বাংলাদেশ দীর্ঘদিন আমদানিনির্ভর অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং প্রযুক্তি ও শিল্পখাতে স্বনির্ভরতা অর্জন কঠিন হবে।
মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি
বক্তব্যের শেষদিকে তিনি দেশের সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন এবং তাদের অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।

