রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার ১৬ আগস্ট নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের আরও কয়েকজন নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর সমর্থক হিসেবে স্বাক্ষর করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। মনোনয়নপত্র বৈধ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থিতা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নির্ভর করছে নির্ধারিত ভোটপ্রক্রিয়ার ওপর।

