দুজন মানুষ আলাদাভাবে খুব ভালো হলেও সম্পর্কে তাঁরা একে অপরের জন্য উপযুক্ত না-ও হতে পারেন। কারণ, সম্পর্ক শুধু ভালোবাসা বা আকর্ষণের ওপর নির্ভর করে না। একে অপরকে বোঝা, কঠিন সময়ে পাশে থাকা, মতবিরোধ সামলানো এবং নিজের অনুভূতি প্রকাশের নিরাপদ জায়গা তৈরি করাও গুরুত্বপূর্ণ। সম্পর্কের এই মানানসই অবস্থাকেই বলা হয় ‘ইমোশনাল কম্প্যাটিবিলিটি’।
কিন্তু কীভাবে বুঝবেন, আপনার সঙ্গীর সঙ্গে আপনার আবেগগত বোঝাপড়া ঠিক আছে কি না? কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য থেকেই পাওয়া যেতে পারে সেই উত্তর।
প্রথমত, সম্পর্কের কঠিন বিষয়গুলো নিয়েও যদি দুজন খোলামেলা কথা বলতে পারেন, সেটি ইতিবাচক লক্ষণ। অর্থ, পরিবার, ঈর্ষা, ব্যক্তিগত সীমারেখা কিংবা ভবিষ্যৎ—এসব নিয়ে সম্পর্কে মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু নিজের কষ্ট বা অস্বস্তির কথা বলতে গিয়ে যদি প্রতিটি শব্দ নিয়ে ভয় পেতে না হয় এবং সঙ্গী অন্তত আপনার কথা বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্কে আবেগগত নিরাপত্তা রয়েছে।
দ্বিতীয়ত, সঙ্গী আপনার মনের সব কথা না বুঝলেও আপনার আচরণের পরিবর্তন খেয়াল করেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ। কখন আপনার মানসিক সমর্থন দরকার, কখন একটু একা থাকতে চান কিংবা কোন পরিস্থিতিতে আপনি অস্বস্তিতে পড়ছেন—এসব বোঝার চেষ্টা করা পারস্পরিক মনোযোগেরই অংশ। এখানে মনের কথা পড়ে ফেলার বিষয় নয়; বরং একে অপরকে মন দিয়ে শোনা ও বোঝার চেষ্টা করাটাই মূল বিষয়।
তৃতীয়ত, মতভেদ বা ঝগড়া হলেই সম্পর্ক অনিরাপদ হয়ে উঠছে কি না, সেটি খেয়াল করতে হবে। দুজন মানুষের রাগ প্রকাশের ধরন আলাদা হতেই পারে। একজন হয়তো সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করতে চান, অন্যজন কিছুটা সময় নিয়ে শান্ত হওয়ার পর কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু মতবিরোধের সময় অপমান, হুমকি বা ইচ্ছাকৃতভাবে আঘাত না করে পরে আবার আলোচনায় ফিরে আসতে পারা একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ লক্ষণ।
চতুর্থত, সঙ্গীর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারাটাও আবেগগত সামঞ্জস্যের বড় পরীক্ষা। ভয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা কিংবা খারাপ সময়ের কথা যদি বিচার বা অপমানের ভয় ছাড়াই বলা যায়, তাহলে সম্পর্কটি আপনার জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করছে। সব সময় ‘আমি ভালো আছি’ এমন অভিনয় করার প্রয়োজন না হওয়াটাও গুরুত্বপূর্ণ।
পঞ্চম বিষয়টি হলো একে অপরের আবেগগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। ভালোবাসা প্রকাশের ধরন সবার এক নয়। কেউ কথার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন, কেউ কাজের মাধ্যমে। কেউ সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে চান, আবার কেউ কিছুটা ব্যক্তিগত পরিসর পছন্দ করেন। প্রয়োজন আলাদা হওয়া সমস্যা নয়। গুরুত্বপূর্ণ হলো, দুজনই কি একে অপরের প্রয়োজন বুঝে মাঝামাঝি একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন?
সবশেষে, একটি সম্পর্ক কতটা মানানসই, তার বড় লক্ষণ হতে পারে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি। যেখানে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে অন্য মানুষ হিসেবে উপস্থাপন করতে হয় না; বরং নিজের মতো থেকেও সম্মান, গুরুত্ব ও মানসিক নিরাপত্তা পাওয়া যায়—সেখানেই আবেগগত সামঞ্জস্যের ভিত্তি সবচেয়ে শক্ত হয়।

