ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সতর্কবার্তা আসার পর সৌদি আরবে নিজেদের সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ দুই বিমান সংস্থা—কাতার এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজ।
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী আগামী সপ্তাহের সব ফ্লাইট বাতিল করেছে। একই ধরনের নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে কাতার এয়ারওয়েজও সৌদি আরবে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
শুধু কাতার ও ইতিহাদ নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অন্যান্য বিমান সংস্থাও নিরাপত্তা বিবেচনায় অনুরূপ পদক্ষেপ নিয়েছে। এর আগে বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ার আগামী শনিবার পর্যন্ত রিয়াদের সকল ফ্লাইট বাতিল করে। এছাড়া যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনসও আগামী ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালুর পূর্বনির্ধারিত পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

