দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী। এর ফলে চলতি বছর সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ তিন হাজার ৩৯৬ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯৭ হাজার ২৯৬ জন।
উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

