বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার তিন দিন পর চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল আটটা থেকে ওয়েবসাইটটি পুনরায় গ্রাহক ও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কার কারণে সাময়িকভাবে ওয়েবসাইটটি বন্ধ রেখে এতে কোনো নিরাপত্তারুটি রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়। ঝুঁকি কেটে যাওয়ার পর এবং ওয়েবসাইটের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করে আজ সকালে এটি চালু করা হয়েছে। তবে এই তিন দিন ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ছিল, যার ফলে গ্রাহক লেনদেনে কোনো ব্যাঘাত ঘটেনি।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম তৈরির অন্যতম প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ (PHP)-তে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজ নিজ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। জরুরি সুরক্ষা প্যাচ এবং সিকিউরিটি চেক সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশ ব্যাংক তাদের অফিশিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করল।

