নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় কামরুলকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামরুল হাসান বড় নেওয়াজপুর গ্রামের মো. ইউছুফের ছেলে এবং পেশায় একজন দরজি। তাঁর বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লেগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাইয়াপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ‘রুবেল গ্রুপ’ ও ‘হারুন গ্রুপ’ নামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গুলিবিদ্ধ কামরুল এলাকায় হারুন গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। রুবেল গ্রুপের কয়েকজন সদস্য সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন। শুক্রবারও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রুবেল গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে এসে কামরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন।
গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। এ সময় স্থানীয়দের ধাওয়ায় হামলাকারীদের একজন একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, এলাকার আধিপত্য নিয়ে পূর্ববিরোধ ও আগের দিনের মারামারির জেরেই রুবেল গ্রুপের সদস্যরা এ হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

