ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আদালতের রায়ে মেয়র পদ পাওয়া এই নেতাকে রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্বে থাকবেন। এ জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
মেয়াদ নিয়ে বিতর্ক
স্থানীয় সরকার বিভাগের হিসাবে, ২০২১ সালে নির্বাচিত চসিক পরিষদের প্রথম সভা হয়েছিল ওই বছরের ২৩ ফেব্রুয়ারি। সেই হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।
তবে শাহাদাত হোসেনের দাবি ছিল, আদালতের আদেশ অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত। অন্যদিকে মন্ত্রণালয়ের নথিতে বলা হয়, আদালত তাঁকে মেয়র ঘোষণা করলেও মেয়াদের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেননি।
এর আগে গত মার্চেও তাঁকে পূর্ণকালীন প্রশাসক করার প্রস্তাব তৈরি হয়েছিল, কিন্তু তখন আদেশ জারি হয়নি। এ ছাড়া চসিকে নির্বাচন আয়োজনের জন্য গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।
যেভাবে মেয়র হয়েছিলেন শাহাদাত
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে একই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদ থেকে অপসারণ করা হয় এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
পরে ওই বছরের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিমের বিজয় বাতিল করে শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন। আদালতের নির্দেশে ৮ অক্টোবর নির্বাচন কমিশন সংশোধিত প্রজ্ঞাপন জারি করে, আর ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।

