ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা না পেলেও জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে জবাব দিলেন দুই বিকল্প ওপেনার। রোববার (২৫ অক্টোবর) একই দিনে ডাবল সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম।
টেস্টের ১৫ সদস্যের দলে তানজিদ হাসান ও সাদমান ইসলাম ছাড়া আর কোনো ওপেনার রাখা হয়নি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, বাকিদের জাতীয় লিগে পরখ করতে চান তাঁরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন ১৭১ রানে অপরাজিত থাকা ঢাকার নাঈম আজ ইনিংসটি টেনে নেন ২৮২ রান পর্যন্ত। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার রহিম আহমেদের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন তিনি। ৩৬৯ বলের ইনিংসে ছিল ২১টি চার ও ৭টি ছক্কা। ৪৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে তাঁর সর্বোচ্চ ছিল ১৮০।
বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহফিজুল। ৩৫১ বলের ইনিংসে মেরেছেন ২০টি চার ও ২টি ছক্কা। জাতীয় লিগে যোগ দেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন তিনি, সেখানে আউট হয়েছিলেন ৮ বলে ৪ রান করে। এদিকে কক্সবাজারে খুলনার বিপক্ষে সিলেটের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসান।

