ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন চাইলে রোববারই ইরানে হামলা চালাতে পারে, অথবা দেশটির সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ সমঝোতায় পৌঁছাতে পারে।
সম্ভাব্য হামলার প্রস্তুতি কতদূর জানতে চাইলে ট্রাম্প বলেন, তাঁরা বিষয়টি বিবেচনা করছেন এবং তা আগামীকালই হতে পারে। তবে পরিকল্পনা আগেভাগে জানাবেন কি না, সে প্রশ্নে উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেন তিনি, তাঁরা কি সত্যিই মনে করেন তিনি আগে থেকে সেটি বলে দেবেন? ট্রাম্পের মতে, ইরান চাইলে সমঝোতার মাধ্যমে নতুন সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি বলেন, তেহরান সমঝোতা চায়, কিন্তু প্রশ্ন হলো তারা সেটি মেনে চলবে কি না। তাঁর মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে এখন তেল পরিবহন বেড়েছে বলেও দাবি করেন ট্রাম্প, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেননি। পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও জানাননি তিনি; বরং সামরিক অভিযান ও আলোচনা, দুটিকেই সম্ভাব্য পথ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, হয় তাঁকে বিষয়টির ইতি টানতে হবে, নয়তো ইরান সমঝোতায় আসবে; তবে যেভাবেই হোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে।

