ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনের ৮১তম জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। ১৯৪৫ সালের এই দিনে কলকাতায় জন্ম নেওয়া এই শিল্পী ছয় দশকের বেশি সময় ধরে অভিনয়, পরিচালনা, সাংবাদিকতা ও সম্পাদনায় নিজের ছাপ রেখে চলেছেন।
সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয়ে আসা অপর্ণা দর্শকের কাছে আজও ‘মিস ক্যালকাটা’ নামে পরিচিত। তবে এ পরিচয় কোনো সুন্দরী প্রতিযোগিতা থেকে আসেনি, এসেছে একটি গান থেকে। ১৯৭৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পায় দীনেন গুপ্ত পরিচালিত কমেডি ছবি ‘বসন্ত বিলাপ’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার ও চিন্ময় রায়। ছবির ‘আমি মিস ক্যালকাটা ১৯৭৬’ গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত, গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। আধুনিক সাজ আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে গানটি অপর্ণার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করে। মজার বিষয়, ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পেলেও গানে তিনি নিজেকে ১৯৭৬ সালের ‘মিস ক্যালকাটা’ বলে পরিচয় দেন।
জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত থাকার মধ্যেই পরিচালনায় নামেন অপর্ণা। প্রথম ছবির জন্য প্রযোজক খুঁজে পেতে বেগ পেতে হলেও পরে জাতীয় পুরস্কার জিতে নেন। নিজের ছবিতে নারীর স্বাধীনতা, সম্পর্কের জটিলতা ও নানা সামাজিক প্রশ্ন তুলে ধরেছেন তিনি; ব্যক্তিজীবনের সিদ্ধান্ত নিয়েও বিভিন্ন সময় থেকেছেন আলোচনায়।

