ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার (২৪ অক্টোবর) ওহাইও ও মিশিগানে ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি ট্রাম্প প্রশাসনের দুই বছরকে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার’ সময় বলে আখ্যা দেন।
আগামী ৩ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের এক বা দুই কক্ষেরই নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ফিরিয়ে নিতে চাইছে ডেমোক্র্যাটরা। দলের সমর্থকদের মধ্যে এখনো ব্যাপক জনপ্রিয় ৬৫ বছর বয়সী ওবামা সেই জনপ্রিয়তা কাজে লাগাতে মাঠে নেমেছেন। দুই রাজ্যেই তিনি জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। ওহাইওতে সাবেক সিনেটর শেরড ব্রাউনের পক্ষে প্রচারে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আর সবচেয়ে বড় ভুল হলো এমন এক অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি। ক্লিভল্যান্ডে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এবার ‘যথেষ্ট হয়েছে’ বলার সুযোগ এসেছে।
পরে মিশিগানে ওবামা দলের বামপন্থী অংশের প্রার্থী আবদুল এল-সায়েদের পক্ষে প্রচার চালান, যিনি সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন। বর্তমান ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিনের কথা উল্লেখ করে ওবামা বলেন, একজন মুসলিম পুরুষ আর একজন ইহুদি নারী একসঙ্গে সিনেটে মিশিগানের মানুষের জন্য লড়বেন, এটা নিয়ে রাজ্যবাসী গর্ব করতে পারেন। দুই রাজ্যেই আগাম ভোট শুরু হয়ে যাওয়ায় দেরি না করে দ্রুত ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। ওহাইওতে শেরড ব্রাউন রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের বিপক্ষে আসনটি ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন।

