স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের যে নতুন দর নির্ধারিত হয়েছে:
-
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪০২ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৯৯ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪২ দফা কমানো হয়েছে।

