প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কাল্পনিক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
মো. হাবিবুর রহমান নামের সুপ্রিম কোর্টের ওই আইনজীবী নোটিশে উল্লেখ করেছেন, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রকাশিত নাহিদ ইসলামের বক্তব্যে বলা হয়েছিল—‘চাঁদাবাজি-লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই।’ এই বক্তব্য অত্যন্ত অমার্জনীয়, কাল্পনিক এবং রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক বলে দাবি করেছেন নোটিশদাতা।
নোটিশে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাওভাবে এ ধরনের মন্তব্য করে একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার পরিবারের সন্তান হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এমন কাল্পনিক কার্যকলাপের অভিযোগ জাতি বিশ্বাস করে না।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে দেওয়া ওই বক্তব্য প্রত্যাহার করে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

