মৃত্যুর পর ছয় বছর অতিক্রান্ত হলেও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নিয়ে ৪২ বছর আগে কংগ্রেস রাজনীতিতে যে শোরগোল পড়েছিল, তা এবার নতুন করে উসকে দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ প্রয়াত এই নেতার প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত অভিপ্রায় নিয়ে বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন।
সোনিয়া তাঁর আত্মকথায় লিখেছেন, ২০১০ সালে মনমোহন সিং যখন দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী, সে সময় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে কিছু বিষয়ে প্রণব মুখোপাধ্যায়ের তীব্র মতপার্থক্য তৈরি হয়েছিল। একদিন হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রণব তাঁকে বলেছিলেন, ‘সম্ভবত সময় এসেছে শীর্ষ স্থানে বদল ঘটানোর।’
সোনিয়ার কাছে সেই মন্তব্য ছিল এক বিরাট বিস্ময়কর ধাক্কা। তিনি লিখেছেন, ‘আমার মনে হয়েছিল, সেটা ছিল প্রধানমন্ত্রী হওয়ার তাঁর দীর্ঘদিনের সুপ্ত বাসনারই ইঙ্গিত। আমি ভদ্রভাবে প্রসঙ্গটি থেকে সরে এসেছিলাম। হয়তো তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু সে জন্য কখনো বুঝতে দেননি, আমার প্রতি তাঁর ক্ষোভ রয়েছে।’ এর দুই বছর পর, ২০১২ সালে ইউপিএর প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়কে দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত করে কংগ্রেস।
১৯৮৪ সালের সেই বিতর্ক ও রাজীব গান্ধীর উত্তরসূরি প্রসঙ্গ
প্রধানমন্ত্রী হওয়ার বাসনাকে কেন্দ্র করে প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে প্রথম বড় বিতর্কটি সৃষ্টি হয়েছিল ১৯৮৪ সালের অক্টোবরে, যখন ইন্দিরা গান্ধী তাঁর নিজের বাসভবনে দেহরক্ষীর গুলিতে নিহত হন। সেদিন রাজীব গান্ধী ছিলেন পশ্চিমবঙ্গে। সেখান থেকে উড়োজাহাজে দিল্লি ফেরার পথে সেই আলোচিত বিতর্কের সূত্রপাত হয়।
রটনা ছিল, সেই উড়োজাহাজের যাত্রার সময় ইন্দিরা মন্ত্রিসভার ‘নম্বর টু’ প্রণব নাকি ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ হতে চেয়েছিলেন। নেহরু ও লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য গুলজারিলাল নন্দকে যেভাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছিল, প্রণব নাকি সহযাত্রীদের সেই পরম্পরার কথাই মনে করিয়ে দিয়েছিলেন। গান্ধী পরিবারের অনুগামীদের কাছে সেটাই পরবর্তীতে ‘অবিশ্বস্ততার প্রমাণ’ হিসেবে দাঁড়ায়।
অবশ্য ২০১৬ সালে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘দ্য টার্বুলেন্ট ইয়ার্স: ১৯৮০–১৯৯৬’–এ প্রণব এই ঘটনাকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও বিদ্বেষমূলক রটনা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ইন্দিরার মৃত্যু নিশ্চিত হলে তিনি নিজেই রাজীবকে উড়োজাহাজের পেছনের দিকে ডেকে নিয়ে বলেছিলেন, তোমাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে এবং সবার সমর্থন তাঁর প্রতিই থাকবে।
সেসময় উড়োজাহাজে থাকা পশ্চিমবঙ্গের নেতা বরকত গণি খান চৌধুরী প্রশ্ন তুলেছিলেন, মন্ত্রিসভার বাইরের কেউ সরাসরি প্রধানমন্ত্রী হতে পারেন কি না। এর জবাবে প্রণব সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, কংগ্রেস সংসদীয় দল যাঁকে বাছাই করবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে সেই সাংবিধানিক ব্যাখ্যা তাঁর বিপক্ষে যায় এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে প্রণব মুখোপাধ্যায় ও বরকত গণি খান চৌধুরী দুজনেই বাদ পড়েন।
দীর্ঘদিন সেই বিতর্ক চাপা পড়ে থাকলেও প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের ছয় বছর পর সোনিয়া গান্ধীর আত্মকথা সেই পুরোনো বিতর্ককে নতুন আঙ্গিকে আবারও আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনল।

