জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে এক নারীও উপস্থিত ছিলেন।
রিসোর্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব আল ইসলাম গত ৮ নভেম্বর দম্পতি পরিচয়ে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন। মঙ্গলবারই তাঁর রিসোর্ট থেকে চেকআউটের কথা ছিল। তবে এর আগেই সকালে রিসোর্টের গেটের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দম্পতি পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে তিনি রিসোর্টে উঠেছিলেন। তবে হামলার ঘটনার পর থেকেই আত্মরক্ষার্থে হাসিব আল ইসলাম আত্মগোপনে চলে গেছেন।

