ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
জমির নামজারি, ভূমি উন্নয়ন কর বা খতিয়ান নিয়ে ভোগান্তিতে পড়লে এখন ভূমি অফিসে বারবার দৌড়ানোর বদলে ফোনেই সহায়তা নেওয়া যাবে। ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা হটলাইন ১৬১২২ নাম্বারে ফোন করে তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
নামজারি করতে গিয়ে সমস্যা, অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে না পারা, খতিয়ান বা জমির নকশা তুলতে গিয়ে বিভ্রান্তি কিংবা ভূমি অফিসে হয়রানি ও অনিয়মের শিকার হওয়া, এসব ক্ষেত্রেই এই হটলাইনে যোগাযোগ করা যাবে। শুধু তথ্য জানা নয়, ভূমিসেবা পেতে গিয়ে কোনো সমস্যায় পড়লে বা সেবা নিয়ে অভিযোগ থাকলেও তা জানানো যায়।
হটলাইনে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপসহ ভূমি ব্যবস্থাপনার নানা সেবা নিয়ে পরামর্শ মেলে। কর পরিশোধ, হোল্ডিং খোলা ও অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ, ভুল করের দাবি সংশোধন এবং দাখিলা-সংক্রান্ত জটিলতায় সহায়তা পাওয়া যাবে। সিএস, এসএ, আরএস ও বিএসসহ বিভিন্ন জরিপের খতিয়ান সংগ্রহ, সার্টিফায়েড কপি পাওয়া এবং মৌজা নকশা সংগ্রহের বিষয়েও জানতে চাইতে পারবেন সেবাপ্রত্যাশীরা।
এ ছাড়া মাঠজরিপ, রেকর্ড সংশোধন, ভূমির শ্রেণি পরিবর্তন, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ, খাস কৃষি ও অকৃষি জমির বন্দোবস্ত, জলমহাল ইজারা এবং ভূমি রাজস্ব মামলার আদেশের সার্টিফায়েড কপি নিয়েও তথ্য ও পরামর্শ পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হটলাইন পোর্টাল ছাড়াও সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অনলাইনে অভিযোগ জানানো যায়। ফলে প্রাথমিকভাবে অনেক সমস্যার সমাধানে ভূমি অফিসে না গিয়েই সহায়তা নেওয়া সম্ভব।

