ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা ও বিতরণের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের অন্তত চারটি পূরণ করলেই কোনো পরিবার সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবে।
নতুন নির্দেশিকায় ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্বচ্ছতা আনতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের পদ্ধতিও ঠিক করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে, আর তালিকা বা সহায়তা নিয়ে আপত্তি উঠলে তা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন এই নীতিমালা তৈরি হয়েছে। এর আওতায় দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার সহায়তা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীকেও কর্মসূচির আওতায় আনতে পারবে।
দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্ত করতে যে ১২টি মানদণ্ড রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীলতা, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া। এ ছাড়া স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের মতো শর্তও আছে।

