ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
কক্সবাজারের টেকনাফে পায়ে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবার লোকালয়ে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটির বিচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, ভোরের দিকে হঠাৎই হাতিটিকে এলাকায় দেখতে পান তাঁরা। এরপর সেটি আশপাশে ঘোরাফেরা করতে থাকে এবং কয়েকটি সুপারিবাগানের গাছ ও একাধিক ঘরবাড়ির ক্ষতি করে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দল দুই দিনের চেষ্টায় গত ১৮ নভেম্বর জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পায়। পরে ট্রাঙ্কুলাইজ করে অচেতন অবস্থায় সেটিকে চিকিৎসা দেওয়া হয়। ওই সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া যায়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান তখন জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, তবে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন, অসুস্থ থাকায় হাতিটি আবার লোকালয়ে এসেছে। সেটির চিকিৎসা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে হাতিটির নিরাপত্তার পাশাপাশি মানুষের জানমাল রক্ষায় বন বিভাগের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন বাসিন্দারা।

