ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর একসঙ্গে তিনটি অচেনা ড্রোন উড়তে দেখা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে সেগুলো শনাক্ত হওয়ার পর ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।
মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব শনিবার সকালে জানান, ড্রোনের উপস্থিতি টের পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় লাইট মেশিনগান (এলএমজি) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে কোনো ড্রোন ভূপাতিত করা যায়নি, গুলির পরপরই সেগুলো দ্রুত সরে যায়। ঘটনার পর আশপাশের সব সীমান্ত ফাঁড়িতে (বিওপি) সতর্কতা জারি করা হয়েছে।
ড্রোনগুলো মিজোরাম সীমান্তের ওপার থেকে এসেছে কি না, এ প্রশ্নে মেজর সাকিব বলেন, সেই সম্ভাবনা খুবই কম। কারণ সেগুলো দেখা গেছে আন্তর্জাতিক সীমান্ত থেকে বাংলাদেশের বেশ ভেতরে। ড্রোনগুলোর উৎস ও পরিচালনাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো সশস্ত্র গোষ্ঠী প্রতিপক্ষের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে এগুলো ব্যবহার করে থাকতে পারে। কী উদ্দেশ্যে ড্রোন ওড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, বাঘাইছড়ির সাজেক ও মিজোরাম সীমান্তের প্রায় ১৫১ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোনের আওতায় রয়েছে প্রায় ৫৫ কিলোমিটার এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের আওতায় প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত। এসব এলাকায় নিয়মিত টহল চলছে।

