ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে শাহাদাত হোসেন দীপুর অপরাজিত সেঞ্চুরির পরও পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
টস শেষে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। আলী রাজার জোড়া আঘাতে দ্রুত ফেরেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়; সাইফ করেন ২ রান, জয় ৯। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন শাহাদাত। অঙ্কন ৪২ রানে আউট হলে আবার ধস নামে, ১১০ থেকে ১১৮ রানে যেতেই পাঁচ ব্যাটারকে হারায় দলটি। ষষ্ঠ উইকেটে এস এম মেহরবের সঙ্গে ৫২ রান যোগ করে প্রতিরোধ গড়েন শাহাদাত।
১৯২ রানে অষ্টম উইকেট পড়ার পরও হাল ছাড়েননি ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। রিপন মন্ডলকে সঙ্গে নিয়ে তিনি দলকে ২৩২ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করা শাহাদাত ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। রিপনের ব্যাট থেকে আসে অপরাজিত ১৯ রান।
জবাবে ২১ রানের মধ্যে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে আশা জাগান রিপন। তবে তৃতীয় উইকেটে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাসান ৬২ ও শাহজাইব ৫০ রান করে ফিরলেও অধিনায়ক আব্দুল সামাদের ৪৪ এবং ফারহান ইউসাফের ৪৬ রানে সহজেই জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে রিপন ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

