ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে অভিযান চালিয়ে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে আগেই বিশেষ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নারীদের আটক করা হয়।
পুলিশ বলছে, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাঁদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দলের আরও সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শনিবার বিকেল থেকে মাদ্রাসা মাঠে এই তাফসির মাহফিল হওয়ার কথা, যেখানে প্রধান আলোচক হিসেবে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকেরা।

