নওগাঁর মান্দা উপজেলায় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় প্রকাশ্যে এই মাইকিংয়ের ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত অটোরিকশায় বসে এক যুবক মাইকিং করছেন। প্রচারণার শুরুতে তিনি মান্দাবাসীকে ধর্মীয় সম্ভাষণ ও শুভেচ্ছা জানান। এরপর দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসেই দেশের মাটিতে পদার্পণ করবেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রচারণা শেষ করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবারের। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

