লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে জিম্মি, মারধর ও চাঁদাবাজির শিকার হয়েছেন এক প্রবাসী ও তাঁর স্ত্রী। এ ঘটনায় রিয়াদ হাসান বয়াতি নামে স্থানীয় কৃষকদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াদ রায়পুর পৌর কৃষকদলের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কে সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বান্ধবীর মেয়ের জন্মদিনের দাওয়াতে আসা ওই প্রবাসী দম্পতিকে বাসায় ঢুকেই অভিযুক্তরা জিম্মি করে শারীরিক নির্যাতন চালায়। তারা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক ভিডিও ধারণ করে হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সবুজ বাদী হয়ে রায়পুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও অনুসন্ধানের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

