নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ সঞ্চালন লাইন কাটার সময় ট্রান্সফরমারে আগুন ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মুখমণ্ডলসহ পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকেও আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাসাইল রেলগেটের পশ্চিমে বিদ্যুতের খুঁটি থেকে তার চুরির চেষ্টা চালাচ্ছিলেন চারজন। তিনজনকে নিচে দাঁড় করিয়ে রেখে একজন খুঁটিতে উঠে সচল লাইনের তার কাটছিলেন। এ সময় হঠাৎ ট্রান্সফরমারে আগুন ধরে গেলে খুঁটিতে থাকা ওই ব্যক্তি আগুনে পুড়তে শুরু করেন এবং নিচে থাকা তিনজন পালিয়ে যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওই ব্যক্তি একপর্যায়ে মাটিতে ছিটকে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত মঙ্গলবার জেলার পলাশ উপজেলায়ও তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া নামের আরেক যুবক মারা গিয়েছিলেন।


