রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের পাশের দেয়ালগুলোতে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে যুক্ত হয়েছে নতুন তিন মনীষীর প্রতিকৃতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সেখানে এবার আঁকা হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ছবি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংলগ্ন এই ফুটপাতের দেয়ালে এর আগে থেকেই শোভা পাচ্ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সাহিত্য অঙ্গনের ১০ জন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। নতুন এই তিন গুণীর ছবি যুক্ত হওয়ায় দেয়ালজুড়ে প্রতিকৃতির সংখ্যা বাড়লেও আগের তালিকা থেকে বাদ পড়েছে বিশিষ্ট সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ছবি।
প্রতিকৃতি বৃদ্ধির বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার জানান, এটি তাঁদের সৌন্দর্যবর্ধন পরিকল্পনারই অংশ। সামনে আরও গুণী ব্যক্তিত্বের ছবি আঁকা হবে এবং এর জন্য নগরের আরও কয়েকটি দেয়াল ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে, যেখানে শিগগিরই কাজ শুরু হবে।
অন্যদিকে, সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে ফেলার বিষয়ে তিনি জানান, দেয়ালটিতে বর্তমানে যাদের প্রতিকৃতি রয়েছে, তাঁদের সময়ের সাথে সঞ্জীব চৌধুরীর সময়ের একটি বড় ব্যবধান রয়েছে। এছাড়া আইয়ুব বাচ্চু কিংবা আজম খানের মতো আধুনিক ও তরুণ প্রজন্মের আইকনদের বিষয়েও নগরবাসীর পক্ষ থেকে মতামত এসেছে। তরুণদের প্রতিনিধিত্বকারী এসব শিল্পীদের প্রতিকৃতিগুলো সিটি করপোরেশন ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আঁকার পরিকল্পনা করছে।


