বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাত্র তিন বছর বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া এই শিশুর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও ভার্চুয়াল দুনিয়ার শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দ্বীপ শীল নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধঘণ্টা অনুসন্ধানের পর দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল পেশায় একজন স্কুলশিক্ষক এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। গত কয়েক মাস ধরে কাকার বিভিন্ন ভিডিওতে হাসিখুশি মুখে হাজির হয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল শিশুটি। নিষ্পাপ উপস্থিতি আর মিষ্টি অভিব্যক্তির কারণে খুব অল্প দিনেই সামাজিক মাধ্যমে সে বেশ পরিচিত ও প্রিয় মুখ হয়ে ওঠে।

ভাতিজার এমন আকস্মিক মৃত্যুর খবর নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন বিপ্লব শীল। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক ও সমবেদনা প্রকাশ করে শত শত মন্তব্য জমা হতে থাকে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে তিন বছর বয়সী দ্বীপ শীল নামের ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে পারিবারিকভাবেই শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version