সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ প্রায় ১৪২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি হলেও শনিবার তা প্রকাশ করা হয়েছে। এতে ২০টি গ্রেডের প্রতিটির মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। প্রথম দিকের অধিকাংশ গ্রেডে বেতন দ্বিগুণ করা হলেও নিচের দিকের গ্রেডগুলোতে বৃদ্ধির হার তুলনামূলক বেশি।
প্রথম গ্রেডে এত দিন নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। নতুন কাঠামোয় তা দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে মূল বেতন বেড়েছে ৭৮ হাজার টাকা বা ১০০ শতাংশ।
দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। উভয় গ্রেডেই বেতন দ্বিগুণ হয়েছে।
চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকার পরিবর্তে নতুন মূল বেতন হবে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ৭১ হাজার টাকা হয়েছে।
সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা এবং অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডে এত দিন মূল বেতন ছিল ২২ হাজার টাকা, যা নতুন কাঠামোয় ৪৪ হাজার টাকা হয়েছে।
দশম গ্রেডে ১৬ হাজার টাকার মূল বেতন বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে মূল বেতন দাঁড়িয়েছে ২৫ হাজার টাকা।
তবে ১২তম গ্রেড থেকে বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি। ১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে মূল বেতন বেড়েছে ১৩ হাজার টাকা।
১৩তম গ্রেডের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হয়েছে। ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। ১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬তম গ্রেডে এত দিন মূল বেতন ছিল ৯ হাজার ৩০০ টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা। ১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকার পরিবর্তে মূল বেতন হবে ২১ হাজার টাকা। ১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০০ টাকায়।
সবচেয়ে নিচের বা ২০তম গ্রেডে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই গ্রেডে এত দিন মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতনকাঠামোয় তা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ মূল বেতন বেড়েছে ১১ হাজার ৭৫০ টাকা, যা আগের তুলনায় প্রায় ১৪২ শতাংশ বেশি।
সব মিলিয়ে নতুন বেতনকাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি। ফলে তুলনামূলক কম বেতনের সরকারি চাকরিজীবীদের মূল বেতনে আনুপাতিকভাবে বেশি বৃদ্ধি এসেছে।
নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে এখন সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান ১ লাখ ৩৬ হাজার টাকা। প্রথম গ্রেডের একজন কর্মকর্তা পাবেন ১ লাখ ৫৬ হাজার টাকা মূল বেতন, আর ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন হবে ২০ হাজার টাকা।


