আফ্রিকার বাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এবার আফ্রিকার দেশ কেনিয়ায় পণ্য রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে কেনিয়ার বেসরকারি প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ওয়ালটন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রোববার বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ওয়ালটন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে চুক্তির তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়ালটন জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিবন্ধিত নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে দেশটিতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় কেনিয়ার প্রতিষ্ঠানটি ওয়ালটনের পণ্য কিনে স্থানীয় বাজারে বিক্রি ও বাজারজাত করবে। পাশাপাশি গ্রাহকসেবা এবং পণ্যের প্রচারের দায়িত্বও পালন করবে তারা।
কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে কেনিয়াকে নতুন রপ্তানি গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। চুক্তি করার আগে দেশটির বাজারে ওয়ালটনের তৈরি পণ্যের সম্ভাব্য চাহিদা ও ব্যবসার সুযোগ যাচাই করা হয়। সেখানে ভালো সম্ভাবনা দেখার পরই রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়ালটনের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে বিদেশে পণ্য রপ্তানি শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রায় ৬৪টি দেশে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে।
সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানিতে আগের অর্থবছরের তুলনায় ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত পাঁচ অর্থবছরে ওয়ালটন মোট আট লাখ ইউনিট ইলেকট্রিক্যাল ও গৃহস্থালি পণ্য বিদেশে রপ্তানি করেছে।
শুধু ২০২৫-২৬ অর্থবছরেই প্রতিষ্ঠানটি ১ লাখ ২২ হাজার ইউনিটের বেশি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল রেফ্রিজারেটর। ওই অর্থবছরে রপ্তানি করা মোট পণ্যের মধ্যে ৭৫ হাজার ইউনিটের বেশি ছিল রেফ্রিজারেটর। এ ছাড়া কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য বিদেশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের অংশ হিসেবে গত অর্থবছর থেকে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো লিফট রপ্তানি শুরু করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য আরও বড়। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ২০০টি দেশে নিজেদের তৈরি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণ করতে চায় কোম্পানিটি।
কোম্পানি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে কেনিয়ার বাজারে পণ্য রপ্তানি শুরু করার পরিকল্পনা রয়েছে। চুক্তি অনুযায়ী, দেশটিতে প্রাথমিকভাবে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হবে।
কেনিয়ায় রপ্তানি শুরুর প্রথম পর্যায়ে প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা সম্প্রসারণ করে ২০২৯ সালের মধ্যে রপ্তানির পরিমাণ ৫০ লাখ মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ওয়ালটনের।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ২০০ দেশে ওয়ালটনের পণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিনিয়ত নতুন নতুন দেশে রপ্তানির সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার কেনিয়ার বাজারে প্রবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রপ্তানি শুরু হলে আফ্রিকার বাজারে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণে কেনিয়া নতুন একটি গন্তব্য হিসেবে যুক্ত হবে।

