শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩, ৭ রবিউস সানি ১৪৪৮

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে নতুন স্কেলে কোনো গ্রেডের প্রারম্ভিক বেতন দেখেই বর্তমানে কর্মরত একজন কর্মকর্তা বা কর্মচারী তাঁর নতুন মূল বেতন নির্ধারণ করতে পারবেন না। কারণ, একই গ্রেডে থাকা দুই ব্যক্তির চাকরির মেয়াদ ও পাওয়া ইনক্রিমেন্টের সংখ্যা আলাদা হলে তাঁদের বর্তমান মূল বেতনও আলাদা হতে পারে। নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর ক্ষেত্রে এই বর্তমান মূল বেতনই গুরুত্বপূর্ণ।

গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত একজন কর্মকর্তা বা কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যে মূল বেতন পাচ্ছিলেন, সেটিই নতুন বেতন নির্ধারণের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ১ জুলাই থেকে পুরোনো স্কেলের বিপরীতে নতুন স্কেলের সংশ্লিষ্ট ধাপ কার্যকর হয়েছে।

বেতন নির্ধারণের ক্ষেত্রে মূলত দুটি পরিস্থিতি রয়েছে। প্রথমটি তুলনামূলক সহজ। কোনো কর্মচারী যদি ৩০ জুন পর্যন্ত পুরোনো বেতন স্কেলের প্রারম্ভিক ধাপেই মূল বেতন পেয়ে থাকেন, তাহলে নতুন স্কেলেও তাঁর বেতন সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারিত হবে।

ধরা যাক, একজন কর্মচারী ১৬তম গ্রেডে কর্মরত। পুরোনো বেতন স্কেলে এই গ্রেডের বেতনক্রম ছিল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। ওই কর্মচারীর মূল বেতন যদি ৩০ জুন পর্যন্ত প্রারম্ভিক ধাপ অর্থাৎ ৯ হাজার ৩০০ টাকাই থাকে, তাহলে নতুন স্কেলে তাঁর মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা। কারণ, জাতীয় বেতন স্কেল ২০২৬-এ ১৬তম গ্রেডের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

অর্থাৎ পুরোনো স্কেলের শুরুতেই যাঁর অবস্থান, নতুন স্কেলেও তিনি সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপ থেকে শুরু করবেন।

কিন্তু যাঁরা ইতিমধ্যে এক বা একাধিক ইনক্রিমেন্ট পেয়েছেন, তাঁদের হিসাব একটু আলাদা। এ ক্ষেত্রে প্রথমে দেখতে হবে পুরোনো স্কেলের প্রারম্ভিক মূল বেতনের তুলনায় ৩০ জুন তাঁর মূল বেতন কত টাকা বেশি ছিল। এরপর সেই পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে।

উদাহরণ হিসেবে ১১তম গ্রেডের একজন কর্মচারীর কথা ধরা যাক। পুরোনো স্কেলে তাঁর গ্রেডের প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। ইনক্রিমেন্ট পাওয়ার পর ৩০ জুন তাঁর মূল বেতন দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯০ টাকা।

তাহলে প্রথমে হিসাব হবে—

১৩,৭৯০ – ১২,৫০০ = ১,২৯০ টাকা।

নতুন স্কেলে একই গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা। ফলে এর সঙ্গে পুরোনো স্কেলের অতিরিক্ত ১ হাজার ২৯০ টাকা যোগ করলে পাওয়া যায় ২৬ হাজার ২৯০ টাকা।

কিন্তু এখানেই হিসাব শেষ নয়। নতুন বেতনক্রমে যদি ২৬ হাজার ২৯০ টাকার কোনো নির্ধারিত ধাপ না থাকে, তাহলে তার পরের উচ্চতর নির্ধারিত ধাপে বেতন ফিক্স করতে হবে। প্রকাশিত উদাহরণে এই হিসাবে পরবর্তী ধাপ ২৬ হাজার ৮০০ টাকা হওয়ায় নতুন মূল বেতন ২৬ হাজার ৮০০ টাকায় নির্ধারিত হবে।

ফলে শুধু ‘আমি কোন গ্রেডে চাকরি করি’—এই তথ্য দিয়ে নতুন মূল বেতন বের করা যাবে না। প্রয়োজন হবে ৩০ জুনের মূল বেতন, পুরোনো গ্রেডের প্রারম্ভিক বেতন এবং একই গ্রেডের নতুন বেতনক্রম। এরপর পে ফিক্সেশনের নিয়ম অনুযায়ী সঠিক ধাপটি নির্ধারণ করতে হবে।

নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডে মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। ১০ম গ্রেডে নতুন বেতনক্রম ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

তবে নতুন স্কেল ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হলেও বাস্তবায়নের আর্থিক সুবিধা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। সরকারি ঘোষণায় নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সব মিলিয়ে নতুন স্কেলে নিজের বেতন জানতে প্রথম কাজ হলো ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনটি বের করা। এরপর সংশ্লিষ্ট পুরোনো ও নতুন বেতনক্রম পাশাপাশি রেখে পে ফিক্সেশনের বিধান প্রয়োগ করলেই জানা যাবে নতুন স্কেলে মূল বেতন কোন ধাপে নির্ধারিত হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version