বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুতে বড় পরিসরে জনবল নিয়োগের সুযোগ এসেছে। প্রতিষ্ঠানটি সাত ধরনের পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। পদভেদে নিয়মিত হওয়ার পর মাসিক বেতন সর্বোচ্চ ৯০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সমন্বয়কারী পদে নেওয়া হবে ২ জন। এ পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ৮১ হাজার টাকা এবং নিয়মিত হওয়ার পর ৯০ হাজার টাকা।
জোনাল ব্যবস্থাপক পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৫৭ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪ হাজার টাকা।
আঞ্চলিক ব্যবস্থাপক পদে নেওয়া হবে ৮ জন। প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ৪৩ হাজার ২০০ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৫০ হাজার টাকা।
সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক পদে রয়েছে ১০টি শূন্যপদ। এ ক্ষেত্রে স্নাতকোত্তর বাণিজ্য অথবা সিএসিসি যোগ্যতা চাওয়া হয়েছে। শিক্ষানবিশকালে বেতন ৩০ হাজার ৬০০ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৩৬ হাজার টাকা।
শাখা ব্যবস্থাপক পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি। এ পদেও শিক্ষানবিশকালে ৩০ হাজার ৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬ হাজার টাকা বেতন দেওয়া হবে।
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নেওয়া হবে ৪০ জন। প্রার্থীদের বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ২৭ হাজার টাকা এবং নিয়মিত হওয়ার পর ৩২ হাজার টাকা।
সবচেয়ে বেশি নিয়োগ হবে ফিল্ড অফিসার পদে। এ পদে মোট ৮০ জন নেওয়া হবে। আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৩ হাজার ৪০০ টাকা এবং নিয়মিত হওয়ার পর ২৮ হাজার টাকা।
নিয়োগ পাওয়া কর্মীদের শিক্ষানবিশকাল হবে ছয় মাস। নিয়মিত হওয়ার পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। নিয়মিত কর্মীরা দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতাও পাবেন।
প্রার্থীদের মাঠপর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। ধূমপায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের আবেদন করতে নিরুৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।
আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ‘নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০’ ঠিকানায় সরাসরি, কুরিয়ার অথবা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর প্রার্থীর নিজ জেলা ও আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬।

