সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি নির্বাচিত হয়েছে। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা বিবেচনায় আসে। এরপর অস্কার বাংলাদেশ কমিটির সদস্যদের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে চূড়ান্তভাবে ‘রইদ’কে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়।
অস্কারের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে নিজের সিনেমা নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তাঁর কাছে এই অর্জনের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ‘রইদ’-এর গল্প বাংলাদেশের নিজস্ব অঞ্চল, সংস্কৃতি ও মানুষের চিন্তাভাবনার সঙ্গে যুক্ত।

সুমন বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’

বাংলাদেশের সিনেমার সাম্প্রতিক অগ্রগতি নিয়েও আশাবাদী এই নির্মাতা। তাঁর মতে, একটা সময় অস্কারে বাংলাদেশের হয়ে পাঠানোর মতো মানসম্মত সিনেমার সংখ্যা তুলনামূলক কম ছিল। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং নিয়মিত ভালো মানের সিনেমা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

সুমন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও পাবে।’
‘রইদ’-এর গল্পের কেন্দ্রে রয়েছে সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ক। সরল একটি সম্পর্কের মধ্য দিয়ে প্রেম, নীরবতা এবং

মানবজীবনের চিরন্তন অনুভূতিকে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বাংলাদেশ থেকে ‘রইদ’ অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজিফা তুষিও। তাঁর প্রত্যাশা, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে ভূমিকা রাখবে।
তবে বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়া মানেই অস্কারের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নয়। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিভিন্ন দেশ থেকে পাঠানো সিনেমার সঙ্গে এখন পরবর্তী বাছাইপর্বে প্রতিযোগিতা করবে ‘রইদ’। সেই প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে ‘রইদ’ নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার পর এখন ‘রইদ’-এর সামনে পরবর্তী লক্ষ্য অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত মনোনয়নের দৌড়ে জায়গা করে নেওয়া।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version