মোহাম্মদ ইকবাল হোসেনের বয়স মাত্র ৩২ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। কাজের ধরন এমন যে দিনের বেশির ভাগ সময়ই অফিসের ডেস্কে বসে কাটাতে হয়। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করার পাশাপাশি রয়েছে কর্মক্ষেত্রের চাপ এবং পারিবারিক ও ব্যক্তিগত নানা দুশ্চিন্তা।
গত কয়েক মাস ধরে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করছিলেন ইকবাল। প্রথমদিকে সেগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু সম্প্রতি বুকে ব্যথা অনুভব করার পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার।
পরিবারের পরামর্শে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে যান। তাঁর শারীরিক অবস্থা ও উপসর্গ বিবেচনা করে চিকিৎসক ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন।
পরীক্ষার ফল হাতে আসার পর দেখা যায়, ইকবালের উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা রয়েছে। একই সঙ্গে তাঁর অতিরিক্ত ওজনের সমস্যাও ধরা পড়ে।
হৃদ্যন্ত্রে কোনো জটিলতা রয়েছে কি না, তা আরও নিশ্চিতভাবে জানতে চিকিৎসক তাঁকে অতিরিক্ত কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
মাত্র ৩২ বছর বয়সে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও অতিরিক্ত ওজনের মতো একাধিক সমস্যা ধরা পড়ায় ইকবালের চিকিৎসা ও পরবর্তী পরীক্ষার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বুকে ব্যথার কারণ এবং হৃদ্যন্ত্রে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না, তা পরবর্তী পরীক্ষার ফল পাওয়ার পর আরও স্পষ্ট হবে।


