বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজাসংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠার পর তদন্ত শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে যারা অপরাধী হিসেবে উপস্থিত ছিল, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে তদন্ত ও আইনি ব্যবস্থার ক্ষেত্রে সেই পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তাঁর দাবি, ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে। স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন। অন্যদিকে বিভিন্ন পক্ষ থেকে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধেও তদন্ত চলার কথা জানিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি নিয়ে বিরোধ ও গোলাগুলির ঘটনার বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে। তাঁর ভাষ্য, এ ক্ষেত্রে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি রাতের অন্ধকারে ঘটেছে এবং ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ সেখানে যায়। কয়েকজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আলামতও সংগ্রহ করা হয়েছে। গোলাগুলির অভিযোগসহ পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি এজাহার নিয়ে থানায় গেলেই সেটি হুবহু মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এজাহারে থাকা অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদির নিজে মামলা করেননি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির একজন প্রতিনিধি মামলাটি করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিএনপিকে দায়ী করার সমালোচনাও করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারকে ঢালাওভাবে দায়ী করা কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার বিষয়ে জনগণই বিচার করবে। তাঁর দাবি, ওই ঘটনায় চাঁদাবাজির বিষয় ছিল না এবং সালমান মুক্তাদিরও তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি বলে জানিয়েছেন।

তবে ঘটনার সঙ্গে যাঁরাই জড়িত থাকুন না কেন, সবাইকে তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিউগিনি প্রপার্টিজ কিংবা পাশের জমির মালিক—সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কোনো ঘটনায় পুলিশ ব্যর্থ হলে সরকারের দায় রয়েছে বলেও স্বীকার করেন তিনি। তবে মিরপুরের আলোচিত ঘটনাগুলোতে পুলিশ বা সরকারের ব্যর্থতা নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে বুধবার সকালে মিরপুরে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়েও কথা বলেন তিনি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাঁর ভাষ্য, উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট অভিযানের আগে পুলিশের সঙ্গে যথাযথ যোগাযোগ করেননি। ঘটনাটিকে মূলত সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখছেন তিনি।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে। বিচ্ছিন্ন একটি বা দুটি ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version