মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮

ভারতের আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে নিজের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তাঁর দাবি, আলোচিত ওই তল্লাশি তাঁর বিরুদ্ধে পরিচালিত হয়নি এবং এর সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই। একই সঙ্গে অবৈধ বিদেশি অর্থ লেনদেন, বেনামি সম্পত্তি কিংবা দামি উপহার পাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন রাকুল। তথ্য যাচাই না করে চাঞ্চল্যকর খবর প্রকাশের প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, ভুল বা অনুমাননির্ভর তথ্য একজন ব্যক্তির সুনাম ও পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনার সূত্রপাত গত ২৮ সেপ্টেম্বর। ওই দিন মুম্বাইয়ের আয়কর দপ্তর বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২টি স্থানে তল্লাশি চালায়। বিভিন্ন প্রতিবেদনে রাকুল প্রীত সিংয়ের সঙ্গে যুক্ত কিছু জায়গা, তাঁর শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক ভাশু ভগনানির সঙ্গে সম্পর্কিত স্থান এবং কুমার মঙ্গত পাঠকের প্যানোরামা স্টুডিওসের নাম উঠে আসে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, তল্লাশির সময় বিভিন্ন নথিপত্র, আর্থিক হিসাব এবং বিদেশে অর্থ লেনদেনসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছিল। চলচ্চিত্রে অর্থায়নের নামে কোনো অর্থ বিদেশে পাঠানো হয়েছিল কি না, সম্ভাব্য কর ফাঁকি কিংবা বিদেশি অর্থ লেনদেনে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছিল বলেও বিভিন্ন খবরে দাবি করা হয়।

তল্লাশির খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রাকুলকে ঘিরে আলোচনা শুরু হয়। কিছু প্রতিবেদনে তাঁর নাম এমনভাবে উল্লেখ করা হয়, যাতে তিনি সরাসরি তদন্তের আওতায় রয়েছেন—এমন ধারণা তৈরি হতে পারে। মূলত এ বিষয়েই আপত্তি জানিয়েছেন অভিনেত্রী।

৫ অক্টোবর দেওয়া বিবৃতিতে রাকুল বলেন, তথ্য যাচাই না করেই খবরকে চাঞ্চল্যকর করে তোলার প্রবণতা বাড়ছে। বিষয়টি পরিষ্কার করতে গিয়ে তিনি স্পষ্টভাবে দাবি করেন, আলোচিত তল্লাশি তাঁর সঙ্গে সম্পর্কিত ছিল না।

নিজের পেশাজীবনের কথাও বিবৃতিতে তুলে ধরেছেন রাকুল। তিনি জানান, সশস্ত্র বাহিনীর একটি পরিবারে তাঁর বেড়ে ওঠা। চলচ্চিত্রজগতে তাঁর কোনো ‘গডফাদার’ ছিল না এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করেছেন।

রাকুলের দাবি, ২০ বছর বয়স থেকে তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং একজন দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

বিদেশে অবৈধ অর্থ লেনদেনের যে অভিযোগ আলোচনায় এসেছে, সেটিও সরাসরি অস্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি কোনো ধরনের অবৈধ বিদেশি অর্থ লেনদেনে জড়িত নন।

বেনামি সম্পত্তির বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাকুল। তাঁর দাবি, দেশে কিংবা বিদেশে অন্য কারও হয়ে তাঁর কোনো বেনামি সম্পত্তি নেই।

একই সঙ্গে সম্পত্তি বা দামি উপহার পাওয়ার জল্পনাও নাকচ করেছেন তিনি। রাকুল জানিয়েছেন, কেউ তাঁকে কোনো সম্পত্তি উপহার দেননি। এমনকি নীতিগতভাবেই তিনি দামি উপহার গ্রহণ করেন না।

সব মিলিয়ে আয়কর দপ্তরের তল্লাশির সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রকাশিত তথ্যের বিরোধিতা করেছেন রাকুল প্রীত সিং। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে অনুমাননির্ভর তথ্যের কারণে কারও ব্যক্তিগত সুনাম ও পেশাজীবন ক্ষতিগ্রস্ত না হয়।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version