গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা শাবনূর, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। সিডনির রাস্তায় গাড়ি ছুটছে, চলছে গান আর জমজমাট আড্ডা। শুক্রবার ছুটির দিনে এমনভাবেই একসঙ্গে সময় কাটালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকা।
সম্প্রতি স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তাঁর সিডনি আসার খবর আগে থেকেই জানতেন শাবনূর। তাই দুজন ঠিক করে রেখেছিলেন, সুযোগ পেলেই একসঙ্গে ঘুরতে বের হবেন। শুক্রবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নেয়।
সিডনির বিভিন্ন মনোরম জায়গায় বন্ধুকে ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেন শাবনূর। নিজেই গাড়ি চালান তিনি। আর পাশে বসে শাবনূরের পছন্দের গান গেয়ে শোনান রবি চৌধুরী।
গাড়ি চলার সময় শাবনূরের অনুরোধে ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গানটি গেয়ে শোনান রবি। এরপর গাড়ি থেকে নেমে আবারও বন্ধুর অনুরোধে গেয়ে ওঠেন ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার জনপ্রিয় এই গান একসময় রিয়াজ ও শাবনূরের অভিনয়ের মাধ্যমে পর্দায় দর্শকের মন জয় করেছিল। বহু বছর পর গানটি শুনে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান শাবনূর।
বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেত্রী। তিনি জানান, রবি চৌধুরীর সঙ্গে তাঁর দারুণ সময় কাটছে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় ঘোরাঘুরি, আড্ডা আর গানে সময়টা আরও আনন্দময় হয়ে উঠেছে।
দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন রবি চৌধুরী। তাঁদের সম্পর্ক নিয়ে মানুষের নানা কৌতূহল থাকলেও তিনি জানান, ক্যারিয়ারের শুরুর সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। অভিনেত্রী হিসেবে শাবনূরের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তি শাবনূরেরও প্রশংসা করেন তিনি।
বন্ধুর প্রশংসার জবাব দেন শাবনূরও। তাঁর ভাষ্য, রবি চৌধুরী ভালো মানুষ বলেই তাঁদের এত বছরের বন্ধুত্ব টিকে আছে। সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকুক—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্বে রয়েছে আরেকটি মজার মিল। দুজনের জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপনও করেছেন তাঁরা। সময়ের সঙ্গে দুজনের জীবন ও ঠিকানা বদলালেও তাঁদের বন্ধুত্বে ছেদ পড়েনি।
সিডনিতে কাটানো মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন শাবনূর। সেখানে তিনি জানান, রবি চৌধুরীকে কাছে পেয়ে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের স্মৃতিতে ফিরে গেছেন তিনি।
সিনেমাটির ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানের মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। সিডনিতে রবি চৌধুরীর কণ্ঠে সেই গানের কয়েকটি লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে যাওয়ার কথাও জানিয়েছেন শাবনূর।
‘ভালোবাসি তোমাকে’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান। আর আলোচিত গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
নব্বইয়ের দশকে চলচ্চিত্র ও সংগীতের জগতে নিজ নিজ জায়গায় জনপ্রিয়তা পাওয়া শাবনূর ও রবি চৌধুরীর পথ সময়ের সঙ্গে আলাদা হয়েছে। কিন্তু সিডনিতে তাঁদের এই আড্ডা, গান আর পুরোনো স্মৃতিচারণ দেখিয়ে দিল—দীর্ঘ সময় ও দূরত্বের পরও তাঁদের বন্ধুত্ব এখনো আগের মতোই অটুট।

